এক ম্যাচেই ৮ লাল কার্ড দেখল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১০:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

ফোর্তালেজায় অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে যুক্তরাষ্ট্র নারী ফুটবল দলের বিপক্ষে ব্রাজিল নারী দলের খেলায় চরম বিশৃঙ্খলা দেখা যায়। ম্যাচে স্বাগতিক ব্রাজিল ১–০ গোলে হেরে গেলেও সবচেয়ে বেশি আলোচনায় আসে তাদের খেলোয়াড় ও কোচিং স্টাফদের একসঙ্গে আটটি লাল কার্ড পাওয়া।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্রাজিল দলের প্রধান কোচ আর্থুর এলিয়াসসহ তিনজন সহকারী কোচকে টেকনিক্যাল এলাকা থেকে বহিষ্কার করা হয়। একই সময় খেলোয়াড় বিয়া জেনারাত্তো ও তারসিয়ানে লাল কার্ড দেখেন।

ম্যাচ শেষে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যেখানে আরও দুই ব্রাজিলিয়ান খেলোয়াড় লাল কার্ড পান। যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় জেনারাত্তোকে। পরে যুক্তরাষ্ট্রের খেলোয়াড়কে ধাক্কা দেওয়া এবং প্রতিপক্ষকে কনুই দিয়ে আঘাত করার ঘটনায় আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

ম্যাচের একমাত্র গোলটি আসে তেষট্টি মিনিটে। যুক্তরাষ্ট্রের সোফিয়া উইলসনের শট ব্রাজিলের ডিফেন্ডার ইসাবেলার গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষক লোরেনাকে পরাস্ত করে জালে জড়ায়।

প্রায় পঞ্চান্ন হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত এই ম্যাচে ব্রাজিল একটিও শট লক্ষ্যে রাখতে পারেনি। বিপরীতে যুক্তরাষ্ট্র ছয়টি শট নেয় গোল লক্ষ্য করে।

ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করায় ক্যারোলিন ও লুদমিলা লাল কার্ড দেখেন।

এটি ছিল দুই দলের দ্বিতীয় প্রীতি ম্যাচ। এর আগে সাও পাওলোতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ব্রাজিল ২–১ গোলে জয় পেয়েছিল।

ব্রাজিলের কিংবদন্তি নারী ফুটবলার মার্তা এই ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন, যা তার জাতীয় দলের জার্সিতে ২১২তম ম্যাচ ছিল।

অন্যদিকে ম্যাচের ত্রিশতম মিনিটে যুক্তরাষ্ট্রের এমিলি সনেটের সঙ্গে সংঘর্ষে ডান হাঁটুতে আঘাত পান ২০ বছর বয়সী ফরোয়ার্ড দুদিনিয়া। পরে তীব্র ব্যথায় তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়। দ্বিতীয়ার্ধে তিনি ক্রাচের সহায়তায় মাঠের পাশে ফিরে আসেন।

সাও পাওলো ও ফোর্তালেজার স্টেডিয়ামগুলো আগামী নারী বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত করা হচ্ছে। যুক্তরাষ্ট্র আগামী নভেম্বর মাসে তাদের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করবে।

এনএফ৭১/একে



বিষয়:



Top