ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৮:১৪ পিএম

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের পর্দা উঠছে আজ। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা।

বৃহস্পতিবার রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এর আগে একই মাঠে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের মাতাতে প্রস্তুত কলম্বিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী শাকিরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় তিনি নাইজেরিয়ার সংগীতশিল্পী বার্না বয়ের সঙ্গে যৌথভাবে পরিবেশন করবেন এবারের বিশ্বকাপের সরকারি থিম সংগীত ‘দাই দাই’। এছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন জে বালভিন, মানা ব্যান্ডসহ বিশ্বের আরও কয়েকজন খ্যাতিমান সংগীতশিল্পী।

এবারের উদ্বোধনী ম্যাচে ফিরছে ২০১০ সালের বিশ্বকাপের স্মৃতি। সে সময়ও উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ১৬ বছর আগে অনুষ্ঠিত সেই ম্যাচ ১-১ গোলে সমতায় শেষ হয়েছিল। তবে এবার নিজেদের মাঠে খেলবে মেক্সিকো।

বিশ্বকাপে মেক্সিকোর রক্ষণভাগকে অন্যতম শক্তিশালী হিসেবে বিবেচনা করা হচ্ছে। অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছেন। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া দলটি নিজেদের শেষ আট ম্যাচের ছয়টিতে প্রতিপক্ষকে গোলের সুযোগ দেয়নি।

অন্যদিকে দ্রুত পাল্টা আক্রমণের জন্য পরিচিত দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিজেদের সর্বশেষ নয়টি ম্যাচের প্রতিটিতেই গোল করার কৃতিত্ব দেখিয়েছে আফ্রিকার দেশটি।

শুধু মেক্সিকোতেই নয়, বিশ্বকাপের উদ্বোধনী উৎসব ছড়িয়ে পড়বে অন্য দুই আয়োজক দেশেও। পরদিন বাংলাদেশ সময় একই সময়ে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী আয়োজন। সেখানে সংগীত পরিবেশন করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলিসিয়া কারা।

এরপর শনিবার ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে উদ্বোধনী আয়োজনের শেষ পর্ব। জমকালো এই অনুষ্ঠানে অংশ নেবেন ক্যাটি পেরি, লিসা, ফিউচার, আনিত্তাসহ বিশ্বের জনপ্রিয় সংগীত তারকারা।

এনএফ৭১/একে



বিষয়:



Top