মেসিসহ পুরো আর্জেন্টাইন স্কোয়াডের পাসপোর্টের তথ্য ফাঁস
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৭:৩৪ পিএম
বিশ্বকাপের প্রস্তুতি শেষ করতে আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মাঠের সাফল্যের আনন্দের মধ্যেই বড় ধরনের নিরাপত্তা ত্রুটির ঘটনায় আলোচনায় এসেছে দলটি। ফাঁস হয়ে গেছে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের পাসপোর্টসংক্রান্ত তথ্য।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে প্রকাশিত খেলোয়াড় তালিকায় ভুলবশত পাসপোর্ট নম্বরও যুক্ত ছিল। সেই তালিকায় দলের অধিনায়ক লিওনেল মেসিসহ পুরো দলের খেলোয়াড়দের তথ্য ছিল। যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের আগে এ ঘটনা ঘটে।
সাধারণ নিয়ম অনুযায়ী এমন তথ্য জনসমক্ষে প্রকাশের আগে গোপন রাখা বা অস্পষ্ট করে দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। ফলে খেলোয়াড়দের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে চলে আসে। বিষয়টি নিয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে এ ঘটনায় আয়োজক কিংবা সংশ্লিষ্ট কারও আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।
এদিকে বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। হন্ডুরাসের পর আইসল্যান্ডকেও হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাচ্ছে লিওনেল স্কালোনির দল। প্রায় ৮৮ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলের জয় তুলে নেয় তারা।
চোট কাটিয়ে মাঠে ফেরা লিওনেল মেসি বদলি হিসেবে নেমেই গোলের দেখা পান। ম্যাচের ৬৯তম মিনিটে মাঠে নামার মাত্র দুই মিনিট পর পেনাল্টি থেকে গোল করেন তিনি।
এর আগে ভ্যালেন্টিন বার্কোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে থিয়াগো আলমাদার গোলে জয় নিশ্চিত হয় বিশ্বচ্যাম্পিয়নদের।
আগামী বুধবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই আসরে নামছে মেসিদের দল।
এনএফ৭১/একে
বিষয়:
