উত্তাপহীন বিসিবি নির্বাচন: ৩৫ মিনিটে পড়েছে মাত্র ১ ভোট
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ১২:৪৬ এএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চলছে। রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে।
তবে শুরু থেকেই নির্বাচনটি একেবারেই উত্তাপহীন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ভোট শুরুর প্রথম ৩৫ মিনিটে মাত্র একটি ভোট পড়েছে বলে জানা গেছে।
নির্বাচন ঘিরে স্টেডিয়াম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। পাশাপাশি কাউন্সিলর ও পরিচালক পদপ্রার্থীরা ধীরে ধীরে মিরপুরে আসতে শুরু করেন। দূর-দূরান্ত থেকে জেলা ও বিভাগীয় প্রতিনিধিরাও উপস্থিত হয়েছেন।
সূত্র অনুযায়ী, নির্বাচনে অংশ নেওয়া পরিচালকদের প্রায় অর্ধেকই আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটের উত্তাপ অনেকটাই কমে গেছে।
জেলা ও বিভাগীয় কোটায় একাধিক প্রার্থী আগেই নির্বাচিত হয়েছেন। অন্যদিকে কিছু বিভাগে এখনো প্রতিদ্বন্দ্বিতা চলছে।
ঢাকা বিভাগের ক্লাব প্রতিনিধিদের মধ্যে তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবুসহ একাধিক প্রার্থী পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া অন্যান্য ক্লাব ও সংগঠন থেকেও প্রার্থীরা অংশ নিচ্ছেন।
বিশ্লেষকদের মতে, নির্বাচনের বড় একটি অংশ আগেই নির্ধারিত হয়ে যাওয়ায় এবারের বিসিবি নির্বাচন কার্যত আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে।
ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত, এরপরই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
বিষয়:
