প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারালো মেসিহীন আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ০৬:৫২ পিএম
বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে খেলা প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আর্জেন্টিনাকেই সমর্থন দিয়েছেন উপস্থিত দর্শকরা। তবে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি পুরো ম্যাচে বেঞ্চে থাকায় অনেক সমর্থকই কিছুটা হতাশ হয়েছেন।
ম্যাচের ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। প্রতিপক্ষের সীমানার মধ্যে নিকোলাস তাগলিয়াফিকো ফাউলের শিকার হলে পেনাল্টির সুযোগ পায় আর্জেন্টিনা, আর সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন লাউতারো।
বিরতির পর ম্যাচের ৫১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জিউলিয়ানো সিমিওনে। লাউতারো মার্টিনেজের চমৎকার ব্যাকহিল পাস থেকে সহজ সুযোগ কাজে লাগিয়ে বল জালে জড়ান তিনি।
দ্বিতীয় গোলের পর আর্জেন্টিনার কোচ একাধিক পরিবর্তন আনলেও মাঠে নামানো হয়নি মেসিকে। ৩৮ বছর বয়সী এই তারকা গত ২৫ মে ক্লাবের হয়ে খেলতে গিয়ে সামান্য চোট পেয়েছিলেন। সেই কারণেই তাকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি দল।
বিশ্বকাপের আগে আগামী ৯ জুন নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড।
বিশ্বকাপে ‘জে’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দলটি। এরপর তারা মুখোমুখি হবে অস্ট্রিয়া ও জর্ডানের।ে
এনএফ৭১/একে
বিষয়:
