প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারাল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ০৬:৪১ পিএম
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে মিশরের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের হান্টিংটন ব্যাংক মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় লাতিন আমেরিকার দলটি।
ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। মিশরের মাঝমাঠের খেলোয়াড় মোহানাদ লাশিনের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলের প্রথম গোল করেন ব্রুনো গিমারায়েস।
তবে গোল হজমের পর দ্রুতই ম্যাচে ফিরে আসে মিশর। ব্রাজিল অধিনায়ক মারকুইনিওসের ভুল পাসের সুযোগ নিয়ে জালে বল পাঠান মোস্তাফা জিকো। এতে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
বিরতির পর আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ব্রাজিল। ম্যাচের ৫২তম মিনিটে রাফিনিয়ার নিখুঁত পাস থেকে জোরালো শটে গোল করেন তরুণ তারকা এন্ড্রিক। তার করা গোলই শেষ পর্যন্ত ব্রাজিলকে জয় এনে দেয়।
ম্যাচের বাকি সময়ে দুই দলই নিজেদের পরিকল্পনা যাচাই করতে একাধিক পরিবর্তন আনে। শেষ দিকে সমতা ফেরানোর জন্য মিশর আক্রমণের তীব্রতা বাড়ালেও ব্রাজিলের রক্ষণভাগ দৃঢ়তার সঙ্গে তা সামাল দেয়।
পরাজিত হলেও মিশরের গোলরক্ষক মোস্তাফা শোবেইর ছিলেন দলের অন্যতম উজ্জ্বল খেলোয়াড়। তিনি ব্রাজিলের একাধিক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।
বিশ্বকাপের আগে এই জয় ব্রাজিলের আত্মবিশ্বাস আরও বাড়াবে। অন্যদিকে মিশরও এই ম্যাচ থেকে নিজেদের শক্তি ও দুর্বলতার দিকগুলো মূল্যায়নের সুযোগ পেয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
