১৫ বছরেই ভারতের জাতীয় দলে বৈভব সূর্যবংশী, গড়লেন ইতিহাস

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ০১:০০ এএম

বৈভব সূর্যবংশী। সংগৃহীত

 

মাত্র ১৫ বছর বয়সেই ভারতের জাতীয় টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে তাকে অন্তর্ভুক্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত দলে বড় চমক হিসেবে উঠে এসেছে এই কিশোর ক্রিকেটারের নাম। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর দ্রুতই জাতীয় দলে ডাক পাওয়ায় তাকে ঘিরে ক্রিকেট বিশ্বে নতুন আলোচনা শুরু হয়েছে।

এদিকে ঘোষিত দলে আরও কয়েকটি পরিবর্তন দেখা গেছে। সাম্প্রতিক সাফল্যের পরও দলে জায়গা হারিয়েছেন সূর্যকুমার যাদব। তার পরিবর্তে আসন্ন সিরিজে দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার।

বৈভব সূর্যবংশী যদি আসন্ন সিরিজে আন্তর্জাতিক অভিষেক করেন, তবে তিনি হয়ে যাবেন ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার। বর্তমানে এই রেকর্ড শচীন টেন্ডুলকারের দখলে, যিনি ১৬ বছর ২০৫ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন।

ভারতের ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে আরও আছেন তিলক ভার্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণুই, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিংসহ একাধিক তারকা ক্রিকেটার।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, এত কম বয়সে জাতীয় দলে সুযোগ পাওয়া বৈভব সূর্যবংশীর প্রতিভা ও ভবিষ্যৎ সম্ভাবনার বড় প্রমাণ।



বিষয়:



Top