দেশের তিন টেলিভিশন চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২৬, ১২:৪৯ এএম

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশের কোটি কোটি দর্শকের শঙ্কার অবসান হয়েছে। বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে দেশের তিনটি টেলিভিশন চ্যানেল সম্প্রচার স্বত্ব নিশ্চিত করায় এখন সব ম্যাচই উপভোগ করতে পারবেন দর্শকরা।

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সম্প্রচার করবে সময় টেলিভিশন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন ও টি-স্পোর্টসও সরাসরি খেলা দেখাবে। এই তিনটি চ্যানেল যৌথভাবে আন্তর্জাতিক ফুটবল সংস্থার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব অর্জন করেছে।

এর আগে সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠান বাংলাদেশের সম্প্রচার স্বত্ব কিনলেও স্থানীয়ভাবে তা বিক্রি করতে না পেরে চুক্তি থেকে সরে দাঁড়ায়। ফলে বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে পর্যন্ত দেশে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান নিশ্চিত ছিল না।

এই জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। তাদের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া চ্যানেল, জাতীয় গণমাধ্যম, দূরসংযোগ প্রতিষ্ঠান ও অনলাইন সম্প্রচারমাধ্যমের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রচার ব্যবস্থাকে টেকসই করতে ডিজিটাল ও দূরসংযোগ খাত থেকে নতুন আয়ের উৎসও খুঁজে বের করা হয়েছে, যা এর আগে কোনো বিশ্বকাপের সময় ব্যবহার করা হয়নি।

এদিকে রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনের জন্য এবার কোনো আর্থিক ব্যয় থাকছে না। বিশ্বকাপ সম্প্রচারের সম্পূর্ণ খরচ যৌথভাবে বহন করবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ও দূরসংযোগ সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।

এনএফ৭১/একে



বিষয়:



Top