প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ফ্রান্সকে হারালো আইভরি কোস্ট
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ জুন ২০২৬, ০৭:৩৭ পিএম
বিশ্বকাপের আগে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে নিজেদের সামর্থ্যের বড় প্রমাণ দিল আইভরি কোস্ট। বৃহস্পতিবার নানত শহরে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে ২-১ গোলে পরাজিত করে স্মরণীয় এক জয় তুলে নেয় আফ্রিকার দলটি।
ম্যাচের শুরুতে এগিয়ে ছিল ফ্রান্স। প্রথমার্ধের শেষ মুহূর্তে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন রায়ান শেরকি। তার গোলে বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফরাসিরা।
তবে দ্বিতীয়ার্ধে পুরো চিত্র পাল্টে যায়। ফ্রান্সের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ম্যাচে ফিরে আসে আইভরি কোস্ট। ৫৩তম মিনিটে নিকোলা পেপের পাস থেকে গোল করে সমতা ফেরান গুয়েলা দুয়ে।
সমতায় ফেরার পর আক্রমণের ধার আরও বাড়ায় আইভরি কোস্ট। পরে গুয়েলা দুয়ের বাড়ানো বল থেকে সহজ এক স্পর্শে জয়সূচক গোল করেন আমাদ দিয়ালো। এর মাধ্যমে ফ্রান্সের বিপক্ষে ইতিহাসে প্রথমবারের মতো জয় তুলে নেয় আইভরি কোস্ট।
এই হারের মাধ্যমে ফ্রান্সের টানা নয় ম্যাচের অপরাজিত যাত্রারও অবসান ঘটল। দ্বিতীয়ার্ধে আইভরি কোস্টের গতিময় ফুটবলের সামনে বেশ চাপে পড়ে ফরাসিরা। পরিস্থিতি সামাল দিতে একাধিক পরিবর্তন আনতে বাধ্য হন দলের প্রধান প্রশিক্ষক দিদিয়ের দেশম।
অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে প্রথমার্ধে কয়েকটি আক্রমণ গড়ে তুললেও বিরতির পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। ফ্রান্সের হয়ে একমাত্র উজ্জ্বল দিক ছিল গোলদাতা রায়ান শেরকির পারফরম্যান্স।
বিশ্বকাপের আগে এই জয় আইভরি কোস্টের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। ১৫ জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। অন্যদিকে পরাজয়ের ধাক্কা সামলে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ফ্রান্স।
এনএফ৭১/একে
বিষয়:
