নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০৬:৫২ পিএম
রুদ্ধশ্বাস লড়াইয়ে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ভারতের গোয়ায় অনুষ্ঠিত সেমিফাইনালে এক গোল পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেপাল। এরই ধারাবাহিকতায় ২৩তম মিনিটে কর্নার থেকে গীতা রানির গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে আরও একটি গোল হজমের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ, তবে গোলরক্ষক মিলি আক্তার ও পোস্টের সহায়তায় রক্ষা পায় দল।
পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ঋতুপর্ণা চাকমা কর্নার কিক থেকে সরাসরি দুর্দান্ত এক গোল করে ম্যাচে সমতা ফেরান।
বিরতির পর দুই দলই জয়ের জন্য একের পর এক আক্রমণ চালায়। নেপাল বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও ভাগ্য সহায় হয়নি তাদের। অন্যদিকে বাংলাদেশের সাগরিকাও একটি নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করেন।
তবে নাটকীয়তা জমে ওঠে ম্যাচের যোগ করা সময়ে। শামসুন্নাহার জুনিয়রের পাস থেকে সাগরিকাকে ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন নেপালের এক ডিফেন্ডার। আত্মঘাতী সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিল পিটার বাটলারের শিষ্যরা।
বিষয়:
