মেসি যতদিন চাইবেন, ততদিনই খেলবেন: স্কালোনি

নিউজ ফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০২:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি মনে করেন, লিওনেল মেসি নিজে অবসরের সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন। আর্জেন্টাইন মহাতারকার ফুটবলের প্রতি আগ্রহ ও জয়ের ক্ষুধা এখনো আগের মতোই রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

আর্জেন্টিনার একটি ক্রীড়া গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেন, জাতীয় দলের হয়ে মেসির ট্রফির সংখ্যা মাত্র চারটি—এ বিষয়টি তাকে বিস্মিত করে। ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা জেতা এই তারকা দেশের জার্সিতেও অসাধারণ সাফল্য অর্জন করেছেন।

স্কালোনির অধীনে আর্জেন্টিনা জিতেছে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা। কোচ ও খেলোয়াড় হিসেবে স্কালোনি ও মেসির ঝুলিতে রয়েছে সমান চারটি আন্তর্জাতিক শিরোপা।

আগামী ২৪ জুন ৩৯ বছরে পা দেবেন মেসি। বয়স বাড়লেও তার পারফরম্যান্স ও মানসিকতায় কোনো পরিবর্তন দেখছেন না স্কালোনি। তিনি বলেন, ষষ্ঠ বিশ্বকাপে মেসির অংশগ্রহণ তাকে মোটেও অবাক করে না। কারণ এখনো তার মধ্যে রয়েছে জয়ের তীব্র আকাঙ্ক্ষা এবং খেলার প্রতি একই রকম নিবেদন।

এদিকে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে আর্জেন্টিনা দল। তবে হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় মেসি আপাতত দলের মূল অনুশীলনের বাইরে থেকে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। এর আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।



বিষয়:



Top