টি-টোয়েন্টিতে ২৫০০ রান, সাকিব-লিটনের পাশে জ্যোতি
নিউজ ফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০২:৪১ পিএম
বাংলাদেশ নারী ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ২৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে দলের ব্যাটিংয়ের অন্যতম নির্ভরতার প্রতীক জ্যোতি এবার নাম লেখালেন বাংলাদেশের ক্রিকেটের এক বিশেষ ক্লাবে।
বাংলাদেশের নারী-পুরুষ মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০০ বা তার বেশি রান করেছেন মাত্র তিনজন ক্রিকেটার। এই তালিকায় সবার আগে রয়েছেন সাকিব আল হাসান। পরে যুক্ত হন লিটন কুমার দাস। আর এবার তাদের পাশে জায়গা করে নিলেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
এই মাইলফলকে পৌঁছাতে জ্যোতির লেগেছে ১১৬ ইনিংস। তুলনায় সাকিব আল হাসান ১২২ ইনিংসে এবং লিটন কুমার দাস ১১০ ইনিংসে ২৫০০ রান পূর্ণ করেছিলেন। মজার বিষয় হলো, সাকিব ও জ্যোতি দুজনই নিজেদের এই বিশেষ মাইলফলকের ম্যাচে অর্ধশতক হাঁকিয়ে দলকে জয় উপহার দিয়েছেন এবং ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন।
বাংলাদেশের পুরুষ ক্রিকেটে এই ক্লাবের খুব কাছাকাছি গিয়েও ঢুকতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করার সময় তার সংগ্রহ ছিল ২৪৪৪ রান। অর্থাৎ মাত্র ৫৬ রান দূরেই থেমে যায় তার আড়াই হাজার রানের স্বপ্ন।
নারী ক্রিকেটে জ্যোতির আধিপত্য আরও স্পষ্ট। বাংলাদেশের মেয়েদের মধ্যে টি-টোয়েন্টিতে দুই হাজার রানের গণ্ডি পেরিয়েছেন একমাত্র তিনিই। অন্যদিকে এক হাজার রান ছুঁতে পেরেছেন শুধু ফারজানা হক। বর্তমানে জাতীয় দলের টি-টোয়েন্টি পরিকল্পনায় না থাকায় খুব শিগগিরই জ্যোতির এই রেকর্ডের কাছাকাছি পৌঁছানোর মতো আর কোনো ব্যাটারও দেখা যাচ্ছে না।
নিগার সুলতানা জ্যোতির এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বাংলাদেশের নারী ক্রিকেটের জন্যও একটি গর্বের মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তার ব্যাট থেকে আসা এই রেকর্ড ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বিষয়:
