ফুটবল বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেলো বাংলালিংক ও টফি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০২:০৭ পিএম

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরগুলোর একটি হিসেবে ধরা হয়। চার বছর পরপর অনুষ্ঠিত এই প্রতিযোগিতা ঘিরে সারা বিশ্বের মতো বাংলাদেশের দর্শকদের মধ্যেও থাকে ব্যাপক উন্মাদনা। অনেকেই সরাসরি মাঠে বসে খেলা দেখার সুযোগ পেলেও অধিকাংশ দর্শকের ভরসা থাকে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যম।

আসন্ন বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার নিয়ে দেশের দর্শকদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা থাকলেও এবার মিলেছে স্বস্তির খবর। দেশের শীর্ষ মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ২০২৬ ফুটবল বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জন করেছে। ফলে তাদের ডিজিটাল বিনোদনমাধ্যম ‘টফি’র মাধ্যমে দেশের দর্শকরা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন।

বুধবার প্রতিষ্ঠানটির যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় দেওয়া এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে জানানো হয়, বাংলালিংকের গ্রাহকরা টফির মাধ্যমে বিশ্বকাপের সরাসরি সম্প্রচার দেখতে পারবেন। তবে এ সুবিধা পেতে নির্ধারিত প্যাকেজ গ্রহণ করতে হবে।

এ বিষয়ে বাংলালিংকের করপোরেট ও নিয়ন্ত্রক বিষয়ক প্রধান কর্মকর্তা তাইমুর রহমান বলেন, বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জনের ফলে দেশের কোটি কোটি ফুটবল সমর্থক যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে উন্নত মানের সম্প্রচারে খেলা উপভোগ করতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলালিংকের শক্তিশালী নেটওয়ার্ক ও টফির আধুনিক প্রযুক্তি দর্শকদের জন্য নিরবচ্ছিন্ন সম্প্রচার নিশ্চিত করবে।

অন্যদিকে, দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবারের আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ।

এনএফ৭১/একে



বিষয়:



Top