বিশ্বকাপের স্বপ্নে রোনালদো, প্রথম অনুশীলনের ছবি ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০১:২৮ পিএম
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে পর্তুগাল জাতীয় ফুটবল দল। আর সেই প্রস্তুতির প্রথম ঝলক ভক্তদের সামনে তুলে ধরেছেন দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক ছবি প্রকাশ করেছেন পর্তুগিজ মহাতারকা। সেখানে দেখা যায়, যুক্তরাষ্ট্রে দলের অনুশীলন ক্যাম্পে সতীর্থদের সঙ্গে ঘাম ঝরাচ্ছেন তিনি। ৪১ বছর বয়সেও তার ফিটনেস, উদ্যম এবং মনোযোগ মুগ্ধ করেছে সমর্থকদের।
আসন্ন বিশ্বকাপ রোনালদোর ক্যারিয়ারে এক বিশেষ অধ্যায় হতে যাচ্ছে। ২০০৬ সালে বিশ্বকাপ অভিষেকের পর এবার তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে অসংখ্য ব্যক্তিগত ও দলীয় সাফল্য অর্জন করলেও বিশ্বকাপ ট্রফি এখনও অধরাই রয়ে গেছে তার জন্য।
এ কারণেই ২০২৬ বিশ্বকাপকে রোনালদোর শেষ এবং সবচেয়ে বড় মিশন হিসেবে দেখছেন অনেক ফুটবল বিশ্লেষক। ইউরো চ্যাম্পিয়নশিপ, নেশনস লিগসহ বিভিন্ন শিরোপা জয়ের অভিজ্ঞতা থাকা পর্তুগাল এবার বিশ্বমঞ্চেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়।
বর্তমান নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে খেলবে। ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৭ জুন কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে রোনালদোরা।
বিশ্বকাপের আগে প্রথম অনুশীলন থেকেই যে বার্তা দিয়েছেন রোনালদো, তা স্পষ্ট—বয়স কেবল একটি সংখ্যা। বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনও ততটাই জীবন্ত, যতটা ছিল তার ক্যারিয়ারের শুরুতে।
এসআর/এনএফ৭১
বিষয়:
