মেসির রুম নম্বর ২০২, চতুর্থ তারকার স্বপ্নে আর্জেন্টিনা

মেসির রুম নম্বর দেখে বিশ্বজয়ের হিসাব কষছেন সমর্থকরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০১:১২ পিএম

সংগৃহীত

২০২২ সালের কাতার বিশ্বকাপে বিশ্বজয়ের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছিল আর্জেন্টিনা। সেই আসরে অধরা বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়েছিল লিওনেল মেসির। তবে সাফল্যের সেখানেই ইতি টানেননি তিনি। ২০২৬ বিশ্বকাপে আবারও শিরোপার লক্ষ্যে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে নিজেদের বেস ক্যাম্পে প্রথম অনুশীলন করেছে আর্জেন্টিনা দল। হালকা চোটের কারণে অনুশীলন মাঠে না নামলেও জিমে আলাদা ফিটনেস সেশন করেছেন মেসি।

তবে অনুশীলনের চেয়ে বেশি আলোচনায় এসেছে মেসির হোটেল কক্ষের নম্বর। দলের অন্য ফুটবলাররা যেখানে দুজন করে একটি কক্ষে থাকছেন, সেখানে অধিনায়ক হিসেবে মেসির জন্য রাখা হয়েছে আলাদা কক্ষ।

২০২২ কাতার বিশ্বকাপের সময় দোহায় মেসির কক্ষ নম্বর ছিল ২০১। সেই বিশ্বকাপে আর্জেন্টিনা জিতেছিল তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা। এবার কানসাস সিটিতে মেসির কক্ষ নম্বর ২০২।

এই বিষয়টিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেক সমর্থকের মতে, আগের বিশ্বকাপে মেসির কক্ষ নম্বর ২০১ থেকে শূন্য বাদ দিলে থাকে ২ ও ১, যার যোগফল ৩। আর সেই বছরই আর্জেন্টিনা জিতেছিল তৃতীয় বিশ্বকাপ। এবার কক্ষ নম্বর ২০২। শূন্য বাদ দিলে থাকে ২ ও ২, যার যোগফল ৪। তাই অনেকের বিশ্বাস, এটি যেন আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপ জয়ের একটি শুভ সংকেত।

যদিও পুরো বিষয়টি নিছক কাকতালীয়, তবুও বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের আবেগ ও আশা-প্রত্যাশা নতুন মাত্রা পেয়েছে। এখন দেখার বিষয়, মেসির নেতৃত্বে আর্জেন্টিনা সত্যিই কি ২০২৬ বিশ্বকাপে চতুর্থবারের মতো বিশ্বসেরা হতে পারে, নাকি রুম নম্বরের এই গল্প শুধুই সমর্থকদের কল্পনার জগতে সীমাবদ্ধ থাকবে।

 

এসআর/এনএফ৭১



বিষয়:



Top