ব্রাজিলে ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপ, বাংলাদেশ নিয়ে যা জানা গেল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ জুন ২০২৬, ১০:৪৯ এএম

ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর শুরু হতে আর বেশি সময় বাকি নেই। আগামী ১১ জুন উত্তর আমেরিকায় পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। তবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কোটি ফুটবলপ্রেমীর মনে এখন একটাই প্রশ্ন, টেলিভিশন বা অন্য কোনো মাধ্যমে সরাসরি খেলা দেখা যাবে কি না।

এদিকে ব্রাজিলের দর্শকদের জন্য এসেছে সুখবর। দেশটির জনপ্রিয় ভিডিওভিত্তিক মাধ্যম ‘কেজটিভি’ এবং সম্প্রচার প্রতিষ্ঠান ‘লাইভমোড’ যৌথভাবে বিশ্বকাপের ১০৪টি ম্যাচ বিনামূল্যে দেখানোর ঘোষণা দিয়েছে। তবে এই সুবিধা শুধুমাত্র ব্রাজিলের দর্শকদের জন্য সীমাবদ্ধ থাকবে। ফলে বাংলাদেশ ও ভারতের দর্শকরা এ সুবিধা ভোগ করতে পারবেন না।

ব্রাজিলের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা কাসিমিরো মিগুয়েলের প্রতিষ্ঠান লাইভমোডের সহযোগিতায় ২০২২ সালে যাত্রা শুরু করে কেজটিভি। এর আগে তারা বিশ্বকাপ, নারী বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ এবং অলিম্পিকের বিভিন্ন ইভেন্ট সম্প্রচার করেছে।

আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের দর্শকদের জন্য উন্নত মানের চিত্রে ম্যাচ দেখানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি বিশেষ অনুষ্ঠান, খেলার অন্তরালের নানা আয়োজন এবং দর্শকদের অংশগ্রহণমূলক কার্যক্রমও থাকবে।

অন্যদিকে বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা এখনও পুরোপুরি কাটেনি। শুরুতে আন্তর্জাতিক সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতার কারণে দেশের গণমাধ্যমগুলোর জন্য বিশ্বকাপ দেখানো কঠিন হয়ে পড়েছিল। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, সেই জটিলতার একটি বড় অংশ দূর হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এখন স্থানীয় সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর জন্য তুলনামূলক সহজ শর্তে স্বত্ব পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সরকার এবং বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সহযোগিতায় দ্রুত কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলেও আশা করা হচ্ছে।

বিশ্বকাপ শুরুর সময় ঘনিয়ে এলেও এখন পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন কিংবা কোনো বেসরকারি টেলিভিশন চ্যানেল আনুষ্ঠানিকভাবে সম্প্রচারের ঘোষণা দেয়নি। তবে সংশ্লিষ্টরা আশাবাদী, খুব শিগগিরই দর্শকদের জন্য সুখবর আসবে।

এদিকে ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দৌড়ে একটি বড় সম্প্রচার প্রতিষ্ঠান এগিয়ে রয়েছে বলে জানা গেছে। তাদের ক্রীড়া চ্যানেল ও ডিজিটাল মাধ্যমে ম্যাচগুলো দেখানোর প্রস্তুতি চলছে।

সব মিলিয়ে বিশ্বকাপের সরাসরি সম্প্রচার নিয়ে চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ও ভারতের ফুটবলপ্রেমীরা। কবে এবং কোন মাধ্যমে খেলা দেখা যাবে, এখন সেদিকেই সবার নজর।

এনএফ৭১/একে



বিষয়:



Top