ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০১:১২ পিএম
মালদ্বীপের বিপক্ষে শুরুটা দারুণ করেও শেষটা ভালো হয়নি বাংলাদেশের। ভারত যেখানে একই প্রতিপক্ষের বিপক্ষে ১১-০ গোলে জিতেছে, সেখানে বাংলাদেশের জয় ৪-২ ব্যবধানে।
এতে দলের মধ্যে জয়ের আনন্দ থাকলেও পুরোপুরি স্বস্তি নেই। আগামী রোববার (৩১ মে) সাফ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ জিতেই স্বস্তি ফেরাতে চায় লাল-সবুজের দল।
গতকাল রাতে গোয়ায় টিম হোটেলে ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, মালদ্বীপের বিপক্ষে প্রত্যাশিত খেলাটা খেলতে পারেনি দল, তাই অতটা সন্তুষ্ট হওয়ার কিছু নেই। ভারতের বিপক্ষে পরের ম্যাচে ভালো কিছু করার লক্ষ্য রয়েছে।
তার ভাষায়, ভারতের বিপক্ষে খেলতে নামলে দলের মধ্যে বাড়তি এনার্জি কাজ করে। তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষ হওয়ায় সেই লড়াইয়ের আগ্রহ আরও বেড়ে যায় বলেও মন্তব্য করেন তিনি।
ম্যাচের শুরুতেই ১১ সেকেন্ডে আনিকা রানিয়া সিদ্দিকীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পরে উমেহ্লা মারমা ব্যবধান দ্বিগুণ করেন। তবে এরপর দুই গোল হজম করে চাপে পড়ে দলটি। বদলি হিসেবে নেমে প্রীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং পরে কোহাতি কিসকুর গোলে জয় নিশ্চিত হয়।
৩ পয়েন্ট পেয়ে সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় কোচ পিটার বাটলার সন্তুষ্ট বলে জানান প্রীতি। তিনি বলেন, কোচ মূলত জয় এবং ৩ পয়েন্ট পাওয়াতেই খুশি। তবে ম্যাচের ভুল-ত্রুটি বিশ্লেষণ করে অনুশীলনে তা শুধরে নেওয়া হবে বলেও জানান তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:
