ইনজুরিতে ছাড়লেন মাঠ, বিশ্বকাপ খেলতে পারবেন তো মেসি?

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৮:৫২ এএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বড় দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা শিবির। দলের অধিনায়ক লিওনেল মেসি ম্যাচ চলাকালে চোট পেয়ে মাঠ ছাড়ায় বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

রোববার রাতে বৃষ্টিভেজা আবহাওয়ায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবল প্রতিযোগিতার এক ম্যাচে ফিলাডেলফিয়ার বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। ম্যাচের ৭৩তম মিনিটে একটি ফ্রি-কিক নেওয়ার পর হঠাৎ পায়ের পেছনের অংশে ব্যথা অনুভব করেন মেসি। এরপর তিনি বদলির ইঙ্গিত দেন এবং কিছুক্ষণ পর মাঠ ছেড়ে সরাসরি ড্রেসিংরুমে চলে যান।

ম্যাচ শেষে মেসির চোটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিশ্বকাপ শুরু হতে অল্প সময় বাকি থাকায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বেড়েছে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে।

৩৮ বছর বয়সী এই তারকা চলতি মৌসুমেও দারুণ ছন্দে রয়েছেন। ইন্টার মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে ১৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৭টি গোল করিয়েছেন তিনি। চলতি মৌসুমেও সেরা খেলোয়াড়ের পুরস্কারের অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে তাকে।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১ জুন আর্জেন্টিনা দলের প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার কথা ছিল মেসির। সেখানে তার সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সতীর্থ রদ্রিগো ডি পল-এরও। তবে সর্বশেষ চোট সেই পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি করেছে।

বিশ্বকাপে খেলা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি মেসি। এর আগে তিনি বলেছিলেন, নিজের শারীরিক অবস্থার বিষয়ে পুরোপুরি নিশ্চিত না হয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না।

এদিকে আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষ এখনো বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেনি। দলের কোচ লিওনেল স্কালোনি শিগগিরই দল ঘোষণা করবেন বলে জানা গেছে।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান।

যদিও মেসির চোট কতটা গুরুতর, তা এখনো স্পষ্ট নয়। অতীতেও বিভিন্ন বড় আসরে চোট নিয়েই খেলেছেন তিনি। তবে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের এমন অনিশ্চয়তা আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top