‘রামিসার হত্যার বিচার বিলম্ব ছাড়াই নিশ্চিত করতে হবে’:লিটন কুমার দাস
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ মে ২০২৬, ০১:১৭ এএম
রাজধানীর পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন লিটন কুমার দাস। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে জাতীয় দলের এই তারকা ব্যাটার দ্রুততম সময়ে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
কন্যাসন্তানের বাবা হিসেবে নিজের অনুভূতি প্রকাশ করে লিটন দাস লেখেন, “একজন কন্যাসন্তানের বাবা হিসেবে এই খবরটি অত্যন্ত কষ্টের এবং হৃদয়বিদারক। কোনো সমাজেই এটি মেনে নেওয়া যায় না। আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ পৃথিবী প্রয়োজন, যেখানে তারা ভয়হীনভাবে বড় হতে পারবে।”
তিনি আরও বলেন, “যেকোনো অন্যায়েরই সঠিক বিচার হওয়া উচিত এবং রামিসার ক্ষেত্রে বিচার কোনো বিলম্ব ছাড়াই নিশ্চিত করতে হবে।” একই সঙ্গে তিনি সবাইকে একসঙ্গে রামিসার জন্য বিচার দাবি করার আহ্বান জানান।
লিটন দাসের ভাষায়, “এই ধরনের অপরাধের জন্য কঠোরতম শাস্তি হওয়া উচিত। আমরা আর কখনো এমন কোনো ট্র্যাজেডি দেখতে চাই না।”
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুর ১১ নম্বরের বি ব্লকের একটি বাসার তিনতলার ফ্ল্যাট থেকে রামিসা আক্তারের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্কুলে যাওয়ার কথা থাকলেও হঠাৎ নিখোঁজ হয়ে যায় শিশুটি। পরে তার মা পাশের ফ্ল্যাটে সন্দেহজনক পরিস্থিতি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন।
পুলিশ দরজা ভেঙে খাটের নিচ থেকে শিশুটির ধড় এবং শৌচাগার থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে। ঘটনার পর শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যায় মূল অভিযুক্ত সোহেল রানা। পরে একই দিন সন্ধ্যায় ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে রক্তমাখা বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে অভিযুক্তের স্ত্রীকেও।
এনএফ৭১/ওতু
বিষয়:
