আঙুল ভাঙল আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৭:১৪ পিএম

ছবি: সংগৃহীত

ইউরোপা লিগের ফাইনালের আগে বড় দুঃসংবাদই পেয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। ওয়ার্মআপের সময় হাতের আঙুল ভেঙে গেলেও সেই চোট উপেক্ষা করেই মাঠে নেমে ইতিহাস গড়লেন তিনি।

বুধবার রাতে ইস্তাম্বুল-এ অনুষ্ঠিত ফাইনালে অ্যাস্টন ভিলা ৩-০ গোলে হারায় এসসি ফ্রাইবুর্গ-কে। দুর্দান্ত কয়েকটি সেভ করে পুরো ম্যাচে ক্লিনশিট ধরে রাখেন মার্টিনেজ, যা দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে।

ম্যাচ শেষে ইএসপিএন-কে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ জানান, ওয়ার্মআপের সময়ই তার আঙুল ভেঙে যায়। তিনি বলেন, “বল ধরতে গেলেই আঙুলটা অন্যদিকে সরে যাচ্ছিল। কিন্তু ফুটবলে এসব পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হয়।”

চোট পাওয়ার পর কিছু সময় চিকিৎসকদের সঙ্গে মাঠের বাইরে থাকলেও পরে আঙুলে ব্যান্ডেজ বেঁধেই গোলপোস্টে ফিরে আসেন এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক।

ফাইনালে শুরু থেকেই আধিপত্য দেখায় উনাই এমেরির শিষ্যরা। ইউরি টিলেমান্স, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মরগান রজার্স-এর গোলে এক ঘণ্টার মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভিলা। অন্যদিকে গোলপোস্টে মার্টিনেজের দৃঢ়তায় ম্যাচে ফেরার সুযোগই পায়নি ফ্রাইবুর্গ।

আঙুলের চোট নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন মার্টিনেজ। আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপ সামনে থাকলেও ভক্তদের শঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, “এখন সময় উদযাপনের। এরপর পুরো মনোযোগ থাকবে বিশ্বকাপে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top