জাতীয় সংগীতের সময় আবেগে ভেঙে পড়লেন নেইমার
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১২:৪০ এএম
জীবনের নানা ওঠানামায় নিজেকে ধরে রাখা সহজ নয়—আর খেলোয়াড়দের ক্ষেত্রেও সেই বাস্তবতা আরও তীব্র। ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের ক্ষেত্রেও তেমনই এক আবেগঘন মুহূর্ত দেখা গেল।
সোমবার (১৮ মে) ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে সিরি আ’তে করিতিবা ফুটবল ক্লাবের বিপক্ষে মাঠে নামার আগে জাতীয় সংগীত চলাকালে কান্নায় ভেঙে পড়েন এই তারকা ফরোয়ার্ড। সেই সময় ভিলা বেলমিরো স্টেডিয়ামে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। জাতীয় সংগীতের সময় চোখের পানি মুছতে দেখা যায় তাকে।
ঘটনাটি এমন এক সময় ঘটল, যখন মাত্র একদিন পরই ব্রাজিল জাতীয় দলের ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, দলে জায়গা পাওয়া নিয়ে প্রবল চাপ ও প্রত্যাশার মধ্যেই আছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের একজন নেইমার।
দীর্ঘদিন ধরে সমালোচনা ও ইনজুরির কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই তারকার জন্য বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ সোমবারই জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন।
তবে ব্যক্তিগত আবেগের এই মুহূর্ত মাঠের ফলাফলে প্রভাব ফেলতে পারেনি সান্তোসের জন্য। করিতিবার বিপক্ষে ম্যাচে ৩–০ গোলের বড় ব্যবধানে হেরে যায় নেইমারের দল।
যদিও ম্যাচের ফলাফল তাদের অনুকূলে ছিল না, তবে জাতীয় সংগীতের সময় নেইমারের কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সমর্থক এটিকে ব্রাজিলের জার্সিতে তার আবারও বিশ্বমঞ্চে ফেরার গভীর আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দেখছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
