ইয়ামালের হাতে ফিলিস্তিনি পতাকা, ক্ষুব্ধ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৪:২৫ পিএম
স্পেনের জনপ্রিয় ফুটবল ক্লাব বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। লা লিগা শিরোপা উদযাপনের সময় ফিলিস্তিনি পতাকা ওড়ানোয় তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার বার্সেলোনার লা লিগা শিরোপা জয় উদযাপনে খোলা ছাদের বাসে বিজয় শোভাযাত্রায় অংশ নেন ১৮ বছর বয়সী ইয়ামাল। এ সময় তার হাতে বড় একটি ফিলিস্তিনি পতাকা দেখা যায়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিরোপা উদযাপনের ওই শোভাযাত্রায় প্রায় সাড়ে সাত লাখ মানুষ অংশ নেন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইসরায়েল কাটজ দাবি করেন, ইয়ামাল ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর পথ বেছে নিয়েছেন। তিনি আরও বলেন, ইসরায়েলি সেনারা বর্তমানে হামাসের বিরুদ্ধে লড়াই করছে।
পরে ইয়ামাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও ফিলিস্তিনি পতাকা হাতে থাকা কয়েকটি ছবি প্রকাশ করেন। মুসলিম ধর্মাবলম্বী এই ফুটবলারের এমন অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
২০২৩ সালে হামাসের হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সেখানে ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজায় চলমান যুদ্ধ ও মানবিক সংকটকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে। এর প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। ফুটবল, সাইক্লিং ও বাস্কেটবলসহ বিভিন্ন খেলায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ দেখা গেছে।
গত বছর স্পেনের সাইক্লিং প্রতিযোগিতায় ইসরায়েল-সমর্থিত একটি দলের অংশগ্রহণের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছিল। এছাড়া ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে চলতি বছরের ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা বয়কট করা দেশগুলোর মধ্যে স্পেনও রয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
