বিশ্বকাপ মিশনে ইরান দলকে আবেগঘন বিদায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১০:৫৮ পিএম

সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নানা শঙ্কার মধ্যেও বর্ণিল ও আবেগঘন এক আয়োজনের মাধ্যমে ইরান জাতীয় ফুটবল দলকে বিদায় জানানো হয়েছে। বুধবার রাতে তেহরানের এঙ্গহেলাব স্কোয়ারে হাজারো সমর্থকের উপস্থিতিতে এই বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।

অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ফুটবল ফেডারেশনের প্রতিনিধি এবং সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো পরিবেশে ফুটবলের মাধ্যমে জাতীয় ঐক্য ও সংহতির এক অনন্য দৃশ্য ফুটে ওঠে।

এর আগে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, খেলোয়াড়রা কেবল একটি দল নয়, বরং বিশ্বের সামনে ইরানি জাতির মর্যাদা, ঐক্য ও সংকল্পের প্রতীক।

বিদায়ী অনুষ্ঠানে খেলোয়াড়রা মঞ্চে বক্তব্য রাখার সময় উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ে। এই আয়োজনে ২০২৬ বিশ্বকাপের জন্য ইরানের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয়, যেখানে ঐতিহ্যবাহী প্রতীক ‘এশীয় চিতা’ স্থান পেয়েছে। পাশাপাশি শিল্পী পারভাজ হোমায় থিম সং পরিবেশন করেন, যেখানে সমবেত কণ্ঠে যোগ দেন হাজারো দর্শক।

ইরানি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজ বলেন, এটি গত চার বিশ্বকাপ অভিযানের মধ্যে সবচেয়ে স্মরণীয় বিদায়ী আয়োজন। তিনি আশা প্রকাশ করেন, ফলাফল যাই হোক না কেন, আন্তর্জাতিক মঞ্চে ইরানের পতাকা উঁচু থাকবে।

তবে বিশ্বকাপ ঘিরে ইরানের অংশগ্রহণ এখনো অনিশ্চয়তার মুখে। যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং ভিসা জটিলতা নিয়ে উদ্বেগ রয়েছে, বিশেষ করে দেশটির কিছু কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও নিরাপত্তাজনিত কারণে।

ফেডারেশন জানিয়েছে, খেলোয়াড় ও কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে পৌঁছে দেওয়ার দায়িত্ব ফিফার ওপর ন্যস্ত করা হয়েছে। দলটি প্রথমে তুরস্কে প্রস্তুতি ক্যাম্প করবে এবং ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে।

ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো নির্ধারিত হয়েছে—

১৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে, ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে এবং ২৭ জুন মিশরের বিপক্ষে। তবে সবকিছুই এখন ভিসা ও নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top