বলেছে ১ কোটি টাকা দিলে মামলা থেকে উঠিয়ে দেবে: সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৪:০৬ পিএম

ছবি: সংগৃহীত

নিজের বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে নাম সরিয়ে দেওয়ার বিনিময়ে এক কোটি টাকা দাবি করা হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এক সাক্ষাৎকারে দেশের রাজনীতি, মামলা, জাতীয় দলে ফেরা এবং নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ দাবি করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। সেই মামলাগুলোর কয়েকটিতে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের নামও আসে।

সাক্ষাৎকারে সাকিব দাবি করেন, একটি পক্ষ তার কাছে প্রস্তাব দিয়েছিল যে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিলে মামলার তালিকা থেকে তার নাম সরিয়ে দেওয়া হবে। তবে তিনি মনে করেন, যারা এমন প্রস্তাব দিয়েছেন তারা নিজেরাও জানেন না যে মামলা হওয়ার পর শুধু বাদীপক্ষ চাইলেই নাম প্রত্যাহার করা যায় না।

সাকিব বলেন, ‘বলেছে, এক কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে। কিন্তু যারা বলছে, তাদের ধারণা নেই যে কেস হয়ে যাওয়ার পর চাইলেই নাম উঠানো যায় না। শেষ পর্যন্ত পুলিশের তদন্তেই ঠিক হবে আমার সম্পৃক্ততা ছিল কি না।’

কারা এই প্রস্তাব দিয়েছিল- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এফআইআরে যোগাযোগের জন্য যে ব্যক্তির নাম ছিল, তিনি কয়েকজনের মাধ্যমে বিষয়টি পৌঁছে দেন। তবে বিস্তারিত পরিচয় প্রকাশ করতে চাননি তিনি।

এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে সাকিব বলেন, ‘এসব টাকা দিয়ে কেন করতে হবে ভাই? টাকা দেওয়া মানে তো হচ্ছে আমার সমস্যা আছে। আমি চাচ্ছি আমাকে বাঁচিয়ে দেওয়া হোক। হতে পারে তারা ভেবেছে আমার কাছে অনেক টাকা আছে।’

দেশে ফেরা প্রসঙ্গে সাবেক এই অধিনায়ক বলেন, দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই। তবে তিনি নিজের নিরাপত্তা এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিকে গুরুত্বপূর্ণ মনে করছেন।

তার ভাষায়, ‘আমি চাই স্বাভাবিক নিরাপত্তা এবং দেশত্যাগের নিষেধাজ্ঞা উঠে যাক। এ দুটি বিষয় আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞা না ওঠানো পর্যন্ত আমার পক্ষে দেশে যাওয়া সম্ভব নয়।’

গ্রেপ্তারের ভয় নেই বলেও জানান সাকিব। তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ব্যক্তিগত শত্রুতা বা জনরোষ থেকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে।

জাতীয় দলে না খেলতে পারার বিষয়েও আক্ষেপ প্রকাশ করেন তিনি। সাকিবের বিশ্বাস, এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মতো সামর্থ্য তার রয়েছে। বিশেষ করে একদিনের ক্রিকেটে তিনি এখনো অবদান রাখতে পারবেন বলে মনে করেন।

২০২৭ বিশ্বকাপ সামনে রেখে আবারও নিজেকে প্রস্তুত করার ইচ্ছার কথাও জানান এই অলরাউন্ডার। তিনি বলেন, সুযোগ পেলে কয়েকটি সিরিজ খেলে নিজের অবস্থান যাচাই করতে চান।

রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা নেই বলেও জানান সাকিব। তিনি বলেন, ‘আজকে যেটা ঠিক মনে হয় না, পাঁচ বা দশ বছর পরে হয়তো সেটাই ঠিক মনে হবে। আমি একটি নির্দিষ্ট এলাকা থেকে সংসদ সদস্য হয়েছিলাম। এলাকার মানুষ ভোট দিয়েছেন বলেই আমি জিতেছি।’

দেশের রাজনীতি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন সাবেক এই ক্রিকেটার। তার মতে, অনেকেই সেবা করার বদলে ব্যক্তিস্বার্থে রাজনীতিতে আসেন বলেই মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। তবে পরিবর্তনের জন্য রাজনীতিকেই গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখছেন তিনি।

এনএফ৭১/একে



বিষয়:



Top