পাকিস্তানকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ‘হ্যাটট্রিক’ জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৫:২৫ এএম

ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টে দুর্দান্ত বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে সফরকারীদের মাত্র ১৬৩ রানে গুটিয়ে দিয়ে ১০৪ রানের জয় তুলে নেয় টাইগাররা। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল।

পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের টানা তৃতীয় টেস্ট জয়। প্রথম টেস্ট জয়ের জন্য টাইগারদের অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ ২৩ বছর। এই সময়ে টানা ১১টি ম্যাচে হারতে হয়েছিল বাংলাদেশকে। অবশেষে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে গিয়ে প্রথম জয়ের স্বাদ পায় টাইগাররা। সেই সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার মিরপুরেও পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল স্বাগতিকরা। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার ইমাম-উল-হককে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। ৫ বলে ২ রান করে সাজঘরে ফেরেন তিনি। আরেক ওপেনার আজান আওয়াইস করেন ১৫ রান। অধিনায়ক শান মাসুদও ব্যর্থ হন, তার ব্যাট থেকে আসে মাত্র ২ রান।

৬৮ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। পরে আব্দুল্লাহ ফজল ও সালমান আগা চতুর্থ উইকেটে ৫১ রানের জুটি গড়ে দলকে কিছুটা স্বস্তি দেন। ফজল ১১৩ বলে ১১টি চারের সাহায্যে ৬৬ রান করেন। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। এরপর তাসকিনের বলে আউট হন সালমান আগা। তিনি করেন ২৬ রান।

পরে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সৌধ শাকিল প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা ভেঙে দেন নাহিদ রানা। টানা দুই ওভারে এই দুই ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি। দুজনই করেন ১৫ রান।

এরপর হাসান আলিকেও এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম। শেষ দুই উইকেট তুলে নিয়ে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন নাহিদ রানা। ৪০ রান খরচায় ৫ উইকেট নেন এই ডানহাতি পেসার।

এ ছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান মেহেদী হাসান মিরাজ।

এর আগে প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ফিফটিতে ৪১৩ রান তোলে বাংলাদেশ। জবাবে আজান আওয়াইসের সেঞ্চুরিতে পাকিস্তান করে ৩৮৬ রান। প্রথম ইনিংসে ২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।

এনএফ৭১/একে



বিষয়:



Top