নেইমারকে ঘিরে বিশ্বকাপ উত্তাপ, মেসির মন্তব্যে নতুন আলোচনার ঝড়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৩:৩৫ এএম

সংগৃহীত

দুই দিন আগেই বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি জানিয়েছেন, তিনি চান আগামী বিশ্বকাপে তার বন্ধু নেইমারকে খেলতে দেখতে। পোলো আলভারেজের পডকাস্ট ‘লো ডেল পোলো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, নেইমার বর্তমান ফর্মে থাকুক বা না থাকুক, সে সব সময়ই বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন।

মেসির ভাষায়, “আমরা সব সময় চাই সেরা খেলোয়াড়েরা বিশ্বকাপে থাকুক। নেইমার এখন কোন ফর্মে আছে সেটা বড় বিষয় নয়, সে সব সময় সেরাদের একজন হিসেবেই থাকবে।”

চোট আর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার কারণে ব্রাজিল তারকা নেইমারকে নিয়ে এমনিতেই আলোচনা চলছিল। এবার মেসির মন্তব্য সেই আলোচনা আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে নেইমারকে বিশ্বকাপে ফেরানোর দাবি এবার শুধু মাঠের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে ব্রাজিলের সংসদ পর্যন্ত। ব্রাজিলের ফেডারেল ডেপুটি হেলিও লোপেস দেশটির ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) তিন পাতার একটি চিঠি পাঠিয়ে নেইমারকে বিশ্বকাপ দলে রাখার আহ্বান জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, নেইমার শুধু একজন খেলোয়াড় নন, তিনি ব্রাজিলের ফুটবলের আবেগ ও কোটি ভক্তের আশা-ভরসার প্রতীক।

৩৪ বছর বয়সী নেইমার বর্তমানে খেলছেন তার শৈশবের ক্লাব সান্তোসে। ২০২৩ সালের অক্টোবরের পর গুরুতর হাঁটুর চোটে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তবে সম্প্রতি সান্তোসের হয়ে আবার গোল করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার ফিট থাকলে বিশ্বকাপ দলে তার জায়গা হতে পারে। ৫৫ সদস্যের প্রাথমিক তালিকাতেও তাকে রাখা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর দীর্ঘ সময় ধরে শিরোপা খরা চলছে সেলেসাওদের। এখন তাই নেইমারকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে ব্রাজিলিয়ান ফুটবল ভক্তরা।

 

এসআর/এনএফ৭১



বিষয়:



Top