বিশ্বকাপের প্রাথমিক দলে চমক, আর্জেন্টিনা স্কোয়াড থেকে বাদ দিবালা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৩:৩০ এএম

সংগৃহীত

 

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রাথমিক ৫৫ সদস্যের দল ঘোষণা করেছে। তবে সেই দলে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড পাওলো দিবালার। সোমবার কোচ লিওনেল স্কালোনি ঘোষিত এই স্কোয়াডে রয়েছে বেশ কিছু চমকও।

আগামী ৩০ মে’র মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের দল জমা দিতে হবে। টুর্নামেন্ট শুরুর আগে কোনো ফুটবলার চোটে পড়লে এই প্রাথমিক তালিকা থেকেই বিকল্প নেওয়া হবে।

দিবালার পাশাপাশি দলে জায়গা হয়নি আনহেল কোরেয়া ও ভালেন্তিন কাস্তেয়ানোসেরও। দীর্ঘদিন জাতীয় দলের পরিকল্পনায় থাকা এই ফুটবলারদের বাদ পড়া ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।

অন্যদিকে নতুন কয়েকজন তরুণকে সুযোগ দিয়েছেন স্কালোনি। প্রথমবার ডাক পেয়েছেন মাতেও পেলেগ্রিনো ও মাতিয়াস সুলে। তরুণদের নিয়ে ভবিষ্যতের দল গড়ার ইঙ্গিতও মিলেছে এই স্কোয়াডে।

গোলরক্ষকদের তালিকায় সবচেয়ে বড় চমক রিভার প্লেটের তরুণ কিপার সান্তিয়াগো বেলত্রান। যদিও অভিজ্ঞ এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসোর উপস্থিতিতে মূল দলে জায়গা পাওয়া সহজ হবে না তার জন্য।

রক্ষণভাগেও এসেছে নতুন মুখ। নাহুয়েল মোলিনার চোটের কারণে আলোচনায় আছেন আগুস্তিন গিয়াই, কেভিন ম্যাক অ্যালিস্তার ও নিকোলাস কাপালদো। এছাড়া লাউতারো দি লোলো ও জায়েদ রোমেরোকেও রাখা হয়েছে স্কালোনির পরিকল্পনায়।

মিডফিল্ড ও আক্রমণভাগে জায়গা পেয়েছেন মিলতোন দেলগাদো, থোমাস আরান্দা, আলেহান্দ্রো গার্নাচো, ক্লাদিও এচেভেরি এবং জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। একই সঙ্গে দলে ফিরেছেন গিদো রদ্রিগেজ, নিকোলাস দোমিঙ্গেজ, আনিবাল মোরেনো ও এমিলিয়ানো বুয়েন্দিয়া।

তবে সবশেষে আলোচনার কেন্দ্রে আছেন অধিনায়ক লিওনেল মেসি। তাকে ঘিরেই আবারও বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।



বিষয়:



Top