চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-কে হারিয়ে টানা দ্বিতীয় মৌসুমে লা লিগার শিরোপা জিতেছে বার্সেলোনা। গত রোববার রিয়ালকে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই নিজেদের ২৯তম লিগ শিরোপা নিশ্চিত করে কাতালান ক্লাবটি। এরপর ছাদখোলা বাসে শহরজুড়ে বিজয় শোভাযাত্রায় অংশ নেন ফুটবলাররা।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বার্সেলোনার শিরোপা উদযাপনে প্রায় ৭ লাখ ৫০ হাজার সমর্থক রাস্তায় নেমেছিলেন। ব্লুগ্রানা সমর্থকদের ঢলে পুরো শহর উৎসবের নগরীতে পরিণত হয়।
এই উদযাপনের সবচেয়ে আলোচিত নাম ছিলেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। বিজয় শোভাযাত্রায় তাকে ফিলিস্তিনের পতাকা হাতে নাড়াতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে ফিলিস্তিনি জনগণ ও তাদের অধিকারের প্রতি সমর্থনের প্রতীকী বার্তা হিসেবে দেখছেন।
শুধু তাই নয়, শোভাযাত্রার একপর্যায়ে ইয়ামাল একটি জার্সিও প্রদর্শন করেন, যেখানে লেখা ছিল— “সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমি মাদ্রিদিস্তা নই।” রিয়াল মাদ্রিদকে উদ্দেশ্য করে দেওয়া এই খোঁচা মুহূর্তেই সমর্থকদের আলোচনার কেন্দ্রে চলে আসে।

শিরোপা উৎসব নিয়ে বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, “বার্সেলোনা আবারও ক্লাবটির প্রতি নিজেদের আবেগের অসাধারণ প্রদর্শন করেছে। শহরের রাস্তাগুলো ব্লুগ্রানা সমর্থকদের সমুদ্রে পরিণত হয়েছিল। এই দলটি ইতিহাসে একের পর এক সাফল্যের অধ্যায় লিখে চলেছে এবং নিজেদের মানুষের মাঝেই নতুন শিরোপা উদযাপন করেছে।”
রিয়ালের বিপক্ষে জয়ের ফলে লিগ টেবিলে ১৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। ফলে বাকি তিন ম্যাচ জিতলেও আর শিরোপা ধরে রাখার সুযোগ নেই রিয়াল মাদ্রিদের সামনে।
এসআর/এনএফ৭১