বিশ্বকাপ বিতর্ক নিয়ে মুখ খুললেন তামিম, বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে আশাবাদী

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ১২:২৯ এএম

সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে তৈরি হওয়া আলোচনা এখনো পুরোপুরি থামেনি। বিষয়টি তদন্তে ইতোমধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এবার সেই প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পুরো ঘটনায় শুরু থেকেই তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার দাবি, সে সময় বোর্ডের আগের প্রশাসন পরিস্থিতি আরও ভালোভাবে সামাল দিতে পারত।

তামিমের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তখন আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রেখেছিল। কিন্তু সেই সুযোগ যথাযথভাবে কাজে লাগানো হয়নি বলেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

তিনি আরও জানান, অতীতে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্কের প্রভাব ক্রিকেট অঙ্গনেও পড়েছিল। তবে এখন দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক অবস্থায় রয়েছে।

বর্তমান বিসিসিআই সভাপতি মিঠুন মানহাসের সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের কথাও উল্লেখ করেন তামিম। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কার কারণ নেই এবং ভারতীয় দলের জন্যও পরিবেশ পুরোপুরি নিরাপদ।

 

এসআর/এনএফ৭১



বিষয়:



Top