হামজাদের নতুন কোচ কে? সিদ্ধান্তে পৌঁছাতে কেন সময় নিচ্ছে বাফুফে

হামজাদের নতুন কোচ কে? সিদ্ধান্তে পৌঁছাতে কেন সময় নিচ্ছে বাফুফে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ১২:১৩ এএম

সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাফুফে। কয়েক দফা সময় পিছিয়ে গেলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, অন্তত ১৫ মে’র আগে নতুন কোচের নাম প্রকাশের সম্ভাবনা কম।

জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন একাধিক বিদেশি কোচ। তবে আলোচনায় সবচেয়ে এগিয়ে আছেন সাবেক ওয়েলস কোচ ক্রিস কোলম্যান। খেলোয়াড়ি জীবনে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে মাঠে নামা এই কোচ পরে দায়িত্ব পালন করেছেন ফুলহাম, সান্ডারল্যান্ড ও রিয়াল সোসিয়েদাদের মতো ক্লাবে।

কোচ হিসেবে কোলম্যানের সবচেয়ে বড় অর্জন আসে ওয়েলস জাতীয় দলে। তার অধীনে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল ওয়েলস। একই সময়ে দলটির ফিফা র‌্যাঙ্কিংয়েও বড় উন্নতি দেখা যায়।

কোলম্যানের পাশাপাশি জার্মান কোচ বার্নড স্টর্কের নামও গুরুত্ব পাচ্ছে। সাবেক এই ফুটবলার বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলেছেন। কোচিং ক্যারিয়ারে হাঙ্গেরি ও কাজাখস্তান জাতীয় দলের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতাও রয়েছে তার।

বাফুফে সূত্রে জানা গেছে, শুধু প্রধান কোচ নয়, তার সঙ্গে পুরো কোচিং স্টাফ নিয়োগের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ের কোচরা সাধারণত নিজেদের সহকারী, ফিটনেস ট্রেইনার ও বিশ্লেষক নিয়ে কাজ করতে চান। ফলে পুরো প্রক্রিয়ায় ব্যয়ের পরিমাণও বাড়ছে।

বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটন জানিয়েছেন, নতুন কোচিং স্টাফের জন্য মাসিক খরচ ৫০ থেকে ৬০ হাজার ডলার পর্যন্ত হতে পারে। তবে দেশের ফুটবলকে এগিয়ে নিতে প্রয়োজনীয় বিনিয়োগে প্রস্তুত ফেডারেশন। এজন্য ক্রীড়া মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার সহযোগিতাও আশা করছে বাফুফে।



বিষয়:



Top