শোকের দিনেই শিরোপা জিতলেন ফ্লিক, আবেগে ভাসল বার্সেলোনা
শোকের দিনেই শিরোপা জিতলেন ফ্লিক, আবেগে ভাসল বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ১২:০৬ এএম
একদিকে ব্যক্তিগত জীবনের গভীর শোক, অন্যদিকে ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন—দুই বিপরীত অনুভূতির দিন কাটালেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। এল ক্লাসিকোর কয়েক ঘণ্টা আগে বাবাকে হারানোর খবর পান তিনি। তবুও দলকে নেতৃত্ব দিয়ে রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগা শিরোপা নিশ্চিত করেন এই জার্মান কোচ।
রোববার রাতে অনুষ্ঠিত এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগার মুকুট ওঠে কাতালানদের মাথায়।
ম্যাচ শেষে আবেগাপ্লুত ফ্লিক বলেন, “আজকের দিনটা আমার জীবনে বিশেষ হয়ে থাকবে। কঠিন সময়ের মধ্যেও দল যেভাবে খেলেছে, তাতে আমি গর্বিত। তারা শুধু খেলোয়াড় নয়, আমার পরিবারের মতো।”
কোচের বাবার মৃত্যুতে সম্মান জানিয়ে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে বার্সার ফুটবলাররা। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতাও পালন করা হয়।
মাঠের খেলায় শুরু থেকেই আধিপত্য দেখায় বার্সেলোনা। প্রথমার্ধে মার্কাস রাশফোর্ড ও ফেররান তোরেসের গোলেই জয় নিশ্চিত হয়ে যায়। পরে আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল মাদ্রিদ।
শিরোপা নিশ্চিত হওয়ার পর সমর্থকদের উল্লাসে ভরে ওঠে স্টেডিয়াম। খেলোয়াড়দের সঙ্গে উদযাপনে যোগ দেন ফ্লিকও। তার অধীনে এখন পর্যন্ত দুটি লা লিগাসহ মোট পাঁচটি ট্রফি জিতেছে বার্সেলোনা।
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা দলটি এখন নতুন রেকর্ড গড়ার দিকেও তাকিয়ে আছে। শেষ তিন ম্যাচ জিততে পারলে ১০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করবে বার্সেলোনা।
এসআর/এনএফ৭১
বিষয়:
