ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের সঞ্জয়
ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের সঞ্জয়
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ১১:৫০ পিএম
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এবার যুক্ত হলো বাংলাদেশের নাম। আসন্ন বিশ্বকাপের জমকালো উদ্বোধনী আয়োজনে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। বিশ্বসংগীতের একাধিক তারকার সঙ্গে একই মঞ্চে তার অংশগ্রহণের খবর প্রকাশের পর থেকেই উচ্ছ্বসিত ভক্তরা।
আগামী ১১ জুন পর্দা উঠছে এবারের ফুটবল বিশ্বকাপের। স্বাগতিক তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—জুড়ে আয়োজন করা হচ্ছে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠান। ফুটবলের পাশাপাশি সংগীত ও সংস্কৃতির এক বৈশ্বিক উৎসবে রূপ দিতে চায় ফিফা।
প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচের আগে মঞ্চ মাতাবেন কলম্বিয়ান রেগেটন তারকা জে বালভিন এবং দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় গায়িকা টাইলা।
পরদিন ১২ জুন কানাডার টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কানাডা। সেই ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানেই পারফর্ম করবেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। তার সঙ্গে একই মঞ্চে থাকবেন কানাডিয়ান সংগীতশিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং বলিউড তারকা নোরা ফাতেহি।
একই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। সেই আয়োজনের মঞ্চে দেখা যাবে বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরি, কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য লিসা এবং টাইলা’কে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বিশ্বকাপ শুধু ফুটবলের টুর্নামেন্ট নয়, এটি বিশ্ববাসীর একত্রে উদযাপনের উপলক্ষ। তাই এবারের উদ্বোধনী অনুষ্ঠানগুলোকে সংগীত ও সংস্কৃতির এক বৈশ্বিক মিলনমেলায় রূপ দেওয়া হচ্ছে।
বিশ্বকাপকে ঘিরে সংগীত উন্মাদনাও শুরু হয়ে গেছে। ইতোমধ্যে কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবারের বিশ্বকাপের অফিসিয়াল থিম সং-এর ঝলক প্রকাশ করেছেন। নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সঙ্গে গাওয়া গানটি এবারের আসরের মূল সুর হিসেবে ব্যবহার করা হবে বলে জানিয়েছে ফিফা।
মোট ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। আর সেই মহাযজ্ঞের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের একজন শিল্পীর অংশগ্রহণ দেশীয় সংগীতপ্রেমীদের জন্য হয়ে উঠেছে গর্বের এক মুহূর্ত।
এসআর/এনএফ৭১
বিষয়:
