পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ৩৪ রানে এগিয়ে বাংলাদেশ

মিরাজের ফাইফারে চাপে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৪:৪৯ এএম

সংগৃহীত

 

বাংলাদেশ  ও পাকিস্তান–এর মধ্যকার টেস্টে এখনো দাপট দেখাচ্ছে স্বাগতিকরা। বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে পাকিস্তান অলআউট হয়েছে ৩৮৬ রানে। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৭ রান তুলেছে বাংলাদেশ। তাতে তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ৩৪ রান।

দিনের শুরুতে পাকিস্তানের দুই ওপেনার শক্ত ভিত গড়ে দেন। অভিষিক্ত ওপেনার আজান ৮৫ রান নিয়ে দিন শুরু করে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। ১৫৩ বলে ১৪টি চারের সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি। তবে এরপরই তাসকিন আহমেদ–এর বলে আউট হয়ে ফেরেন আজান। ১৬৫ বলে ১০৩ রানের ইনিংসে ছিল ১৪টি চার।

ফজলও খেলেছেন দারুণ একটি ইনিংস। ১০২ বলে ফিফটি তুলে নেওয়া এই ব্যাটার আজানের সঙ্গে গড়েন ১০৪ রানের জুটি। পরে মেহেদী হাসান মিরাজ–এর বলে আউট হওয়ার আগে ১২০ বলে ৬০ রান করেন তিনি।

এক সময় ১ উইকেটে ২১০ রান তুলে বড় সংগ্রহের পথে ছিল পাকিস্তান। কিন্তু এরপর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ৯ রান করে ফেরেন। আর সৌদ শাকিল কোনো রান না করেই এলবিডব্লিউ হন মিরাজের বলে।

তবে মাঝের ধাক্কা সামাল দিয়ে আবারও দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান। ষষ্ঠ উইকেটে দুজনে মিলে ১১৯ রানের জুটি গড়েন। রিজওয়ান ৭৯ বলে ৫৯ রান করেন। অন্যদিকে সালমান আগা করেন ৯৪ বলে ৫৮ রান। তবে ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি কেউই।

শেষদিকে নোমান আলি ২, শাহিন আফ্রিদি ১৩ ও হাসান আলি ৬ রান করে আউট হন। মোহাম্মদ আব্বাস ৬ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মিরাজ। ৩৮ ওভারে ৫ মেডেনসহ ১০২ রান খরচায় ৫ উইকেট তুলে নেন তিনি। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন। আর একটি উইকেট শিকার করেন নাহিদ রানা।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০১, মুমিনুল হক ৯১ এবং মুশফিকুর রহিম ৭১ রান করেন। পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেন মোহাম্মদ আব্বাস।

 

এসআর/এনএফ৭১



বিষয়:



Top