৪১৩ রানে অলআউট বাংলাদেশ, মুশফিকের রেকর্ডের দিনে লড়াকু সংগ্রহ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ১২:৫৮ এএম
নিজেদের শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে বড় সংগ্রহের পথেই ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। শেষদিকে তাসকিন আহমেদের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা।
শনিবার সকালে ৪ উইকেটে ৩০১ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। কিন্তু দিনের শুরুতেই পাকিস্তানের নিয়ন্ত্রিত পেস বোলিংয়ের সামনে ছন্দ হারায় ব্যাটাররা। দ্বিতীয় দিনের দেড় সেশনে মাত্র ১১২ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারায় বাংলাদেশ।
দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। নিজের ৩৯তম জন্মদিনে ১৭৯ বলের ইনিংসে ৮টি চার হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪২টি পঞ্চাশোর্ধ টেস্ট ইনিংস খেলার নতুন রেকর্ডও গড়েন এই অভিজ্ঞ ক্রিকেটার।
মুশফিককে ভালো সঙ্গ দেন লিটন দাস। শাহিন শাহ আফ্রিদির এক ওভারে টানা তিনটি চার মেরে দারুণ ছন্দে ছিলেন তিনি। তবে ইনিংস বড় করতে পারেননি লিটন। মুহাম্মদ আব্বাসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ৬৭ বলে ৩৩ রান করে ফেরেন তিনি।
এরপর দ্রুত বিদায় নেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। মিরাজ করেন ১০ রান, তাইজুলের ব্যাট থেকে আসে ১৭ রান। মধ্যাহ্নভোজের বিরতির পর শাহিন আফ্রিদির দারুণ ইনসুইং ডেলিভারিতে বোল্ড হন মুশফিক। এরপর শূন্য রানে সাজঘরে ফেরেন এবাদত হোসেন।
তবে শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন তাসকিন আহমেদ। মাত্র ১৯ বলে ২৮ রানের ক্যামিও ইনিংসে তিনটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। আব্বাসকে ছক্কা মেরে দলীয় সংগ্রহ চারশ পার করান এই পেসার।
পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মুহাম্মদ আব্বাস। ৩৪ ওভারে ৯২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ পাঁচ উইকেট নেওয়ার কীর্তি। এছাড়া শাহিন শাহ আফ্রিদি নেন ৩ উইকেট।
বিষয়:
