১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৩ এএম

ছবি: সংগৃহীত

১৫ বছর পর আবারও বাংলাদেশে একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। চলতি বছরের জুন মাসে সাদা বলের এই সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে তারা। শুক্রবার (১৭ এপ্রিল) সফরের সূচি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

এর আগে সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশে এসে একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। ওই সিরিজে মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন দল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে ৩-০ ব্যবধানে হারায়। তারও আগে ২০০৬ সালে রিকি পন্টিংয়ের অধীনে অস্ট্রেলিয়া একই ব্যবধানে বাংলাদেশকে পরাজিত করেছিল।

আসন্ন সফরে অস্ট্রেলিয়া তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ এবং তিন ম্যাচের টোয়েন্টি ওভার আন্তর্জাতিক সিরিজ খেলবে। সূচি অনুযায়ী, প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ হবে ৯ জুন, দ্বিতীয় ম্যাচ ১১ জুন এবং তৃতীয় ম্যাচ ১৪ জুন। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এরপর টোয়েন্টি ওভার আন্তর্জাতিক সিরিজের ম্যাচগুলো হবে ১৭, ১৯ ও ২১ জুন। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে এসে টোয়েন্টি ওভার আন্তর্জাতিক সিরিজ খেলেছিল। সেই সিরিজে স্বাগতিক বাংলাদেশ দল ৪-১ ব্যবধানে জয়লাভ করে সিরিজ জিতেছিল।

এনএফ৭১/একে



বিষয়:



Top