২-০ গোলে এগিয়েও শেষরক্ষা হলো না, নাটকীয় হারে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ০৭:০০ পিএম
এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করেও শেষ পর্যন্ত হতাশার হার দেখেছে বাংলাদেশ। শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও ৩-২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে দেখা যায় বাংলাদেশকে। প্রথমার্ধের ৩৬তম মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন ফরোয়ার্ড মোসাম্মাৎ সাগরিকা। বিরতির পর ৫০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এতে করে এশিয়ার শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ।
তবে ম্যাচের শেষভাগে নাটকীয়ভাবে বদলে যায় চিত্র। ৬৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় থাইল্যান্ড। এরপর ৭৬তম মিনিটে আরও একটি পেনাল্টি পেয়ে সমতায় ফেরে স্বাগতিকরা।
সমতায় ফেরার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে থাইল্যান্ড। এরই ধারাবাহিকতায় ৭৯তম মিনিটে জয়সূচক গোল করে ম্যাচ নিজেদের করে নেয় তারা।
দুই গোলে এগিয়েও শেষ মুহূর্তে এমন হারে হতাশ বাংলাদেশ দল।
আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে চীনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
বিষয়:
