কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ড্র
Nasir Uddin | প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০৯:৫০ এএম
বিশ্বকাপ বাছাইপর্বের কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। ঘরের মাঠে ৮০ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। প্রায় সাত মাস পর হারের শঙ্কা জেঁকে বসেছে আলবিসেলেস্তেদের। তার ওপর এনসো ফের্নান্দেস লাল কার্ড দেখায় আর্জেন্টিনা তখন ১০ জনের দল। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকেও তুলে নিয়েছেন লিওনেল স্কালোনি। এমন পরিস্থিতিতে থিয়াগো আলমাদা দারুণ এক শটে কলম্বিয়ার জালে বল জড়ান ২৪ বছর বয়সী এ তারকা। আলমাদার এ গোলেই কোনোমতে হার এড়িয়ে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ে স্কালোনির দল।
ম্যাচের ২৪ মিনিটে কলম্বিয়ান স্ট্রাইকার লুইস দিয়াজের গোলে ১-০ তে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। এরপর ম্যাচে ফিরতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে প্রায় ৮০ মিনিট পর্যন্ত। এর মাঝেই ৭০ মিনিটে বড় ধাক্কা খায় আর্জেন্টিনা, যখন এনজো ফার্নান্দেজ কলম্বিয়ান মিডফিল্ডার কাস্তানোর মাথায় বুট দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন। দশজনের দলে পরিণত হওয়ার পরও দমে যায়নি আর্জেন্টিনা।
ম্যাচের ৮০ মিনিটে থিয়াগো আলমাদা ডি-বক্সের বাইরে থেকে নেওয়া এক মাটি কামড়ানো শটে আর্জেন্টিনার মান রক্ষার গোল এনে দেন। ৭২ মিনিটে লিওনেল মেসিকে তুলে নেওয়ার মাত্র মিনিট চারেকের মাথায় এই গোল আসে।
৩০ মিনিটে একবার সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা, কিন্তু অফসাইডের কারণে গোল বাতিল হয়। বিরতির আগে কলম্বিয়ার রক্ষণ ভেদ করতে পারেনি আলবিসেলেস্তেরা। বিরতির পর ৬৩ মিনিটে এনজো ফার্নান্দেজ একটি ভালো সুযোগ হাতছাড়া করেন। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্রতেই সন্তুষ্ট হয়ে ফিরতে হয় দুই দলকে।
বিষয়:
