বছরের প্রথম জয় পেল আর্সেনাল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২২, ০৯:৫৭ পিএম
ফেব্রুয়ারি চলে এলেও ২০২২ সালে আর্সেনাল জয়ের খাতাই খুলতে পারছিল না। অবশেষে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের গোলে সে খরা কেটেছে গানারদের। গ্যাব্রিয়েল মাগালায়েসের একমাত্র গোলে উলভারহ্যাম্পটনের বিপক্ষে জয় তুলে নিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) প্রতিপক্ষের মাঠে আর্সেনাল ম্যাচের ২৫ মিনিটেই এগিয়ে গিয়েছিল। আলেক্সান্ডার লাকাজেতের ফ্লিকে পা ছুঁইয়ে দলের হয়ে গোলটি করেন গ্যাব্রিয়েল। সেই এক গোলে এগিয়েই বিরতিতে যায় আর্তেতার শিষ্যরা।
সমতা ফেরানোর সুযোগ এসেছিল স্বাগতিকদের কাছেও। তবে গোলরক্ষক অ্যারন রামসডেল রোমেইন সাইস, লিয়েন্ডার ডেনডঙ্কারের শট ঠেকিয়ে দলকে ম্যাচে রাখেন। তাতেই এক গোলের ব্যবধান ধরে রাখতে সক্ষম হয় আর্সেনাল। বছরের প্রথম জয়টাও তুলে নেওয়া হয়েছে দলটির।
এই জয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডকে ছয়ে ঠেলে আর্সেনাল উঠে এসেছে তালিকার পঞ্চম স্থানেও।
এনএফ৭১/এমএ/২০২২
