বাংলাদেশ এআই অলিম্পিয়াডের রংপুর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

তথ্য প্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ১২:৪৩ এএম

ছবি: সংগৃহীত
 

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬’-এর রংপুর আঞ্চলিক পর্ব। গত শুক্রবার সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এ প্রতিযোগিতায় রংপুরসহ পার্শ্ববর্তী তিন জেলার শিক্ষার্থীরা অংশ নেন।

প্রতিযোগিতায় ছিল এআই কুইজ ও এআই কোডিং চ্যালেঞ্জ বিভাগ। পাশাপাশি কুইজে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং বিষয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিদর্শন করেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাফিউল ইসলাম।

আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) জানায়, প্রতিযোগিতায় এআই কুইজ বিভাগে ১১ জন এবং এআই কোডিং চ্যালেঞ্জ বিভাগে ৮ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছেন। তারা আগামী ১৬ মে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় এআই অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবেন।

এআই কোডিং চ্যালেঞ্জে বিজয়ীরা হলেন— মুহতাসিম ইশমাম, আবদুল্লাহ আকিব, আহনাফ তামিম, তাহসিন আহমেদ, আলভী রাফসান, আফিয়া নূরী, শুভমিতা রায় ও তৌসিফ চৌধুরী। তারা সবাই সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসউদুর রহমান। তিনি বিজয়ীদের হাতে মেডেল ও সার্টিফিকেট তুলে দেন এবং শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে দক্ষতা অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক এস এম জাহাঙ্গীর আলম ও প্রভাষক রাকিব তরফদার।

এবারের আয়োজনের প্ল্যাটিনাম স্পনসর হিসেবে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। এছাড়া পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে যুক্ত রয়েছে রিভ চ্যাট। গোল্ড স্পনসর ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পনসর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি এবং ব্রোঞ্জ স্পনসর হিসেবে রয়েছে বিটনা।

নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি)। এছাড়া টিভি পার্টনার হিসেবে রয়েছে দীপ্ত টিভি এবং পার্টনার হিসেবে যুক্ত রয়েছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), রকমারি ডটকম ও জাদু পিসি। ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে মাসিক কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।



বিষয়:



Top