অবিবাহিতদের ক্যানসার ঝুঁকি বেশি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
মিঠু মুরাদ | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ০৫:৩৪ এএম
যুক্তরাষ্ট্রের মিয়ামি মিলার স্কুল অব মেডিসিনের এক গবেষণায় দেখা গেছে, বিবাহিতদের তুলনায় অবিবাহিত ব্যক্তিদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।
প্রায় ৪০ লাখ ক্যানসার রোগীর তথ্য বিশ্লেষণ করে তৈরি করা এই গবেষণায় প্রায় সব ধরনের ক্যানসারের ক্ষেত্রেই অবিবাহিতদের মধ্যে তুলনামূলক বেশি ঝুঁকি পাওয়া গেছে।
গবেষণা অনুযায়ী, পুরুষদের ক্ষেত্রে অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বিবাহিতদের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেশি। নারীদের ক্ষেত্রে এই পার্থক্য আরও বেশি—অবিবাহিত নারীদের ঝুঁকি প্রায় ৮৫ শতাংশ বেশি।
তবে গবেষকরা স্পষ্ট করেছেন, বিয়ে সরাসরি ক্যানসার প্রতিরোধ করে না। বরং সামাজিক ও জীবনযাত্রাগত কিছু কারণ এই পার্থক্যের পেছনে ভূমিকা রাখে।
বিশেষজ্ঞদের মতে, বিবাহিত ব্যক্তিরা সাধারণত স্বাস্থ্য সমস্যায় দ্রুত চিকিৎসা নেন, নিয়মিত চিকিৎসা অনুসরণ করেন এবং পারিবারিক সমর্থনের কারণে বেশি সচেতন থাকেন। অন্যদিকে অবিবাহিতদের মধ্যে ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অনিয়মিত জীবনযাত্রার প্রবণতা তুলনামূলক বেশি দেখা যায়, যা ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।
গবেষণায় আরও বলা হয়েছে, সামাজিক একাকিত্ব এবং মানসিক চাপ শরীরের ওপর দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে গবেষকরা জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণ নিশ্চিত সিদ্ধান্ত নয় এবং এ নিয়ে আরও গভীর গবেষণা প্রয়োজন।
বিষয়:
