ঈদের ছুটিতে পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০১:৪২ পিএম

ছবি: সংগৃহীত

কোরবানির ব্যস্ততা শেষে ঈদুল আজহার ছুটিতে প্রাণ ফিরে পেয়েছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র কক্সবাজার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত।

ঈদের দ্বিতীয় দিন থেকেই সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলী ও দরিয়ানগর পয়েন্টে পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। কেউ সমুদ্রস্নানে, কেউ পরিবার-পরিজনের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে, আবার কেউ স্মৃতিময় সময় ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন।

পর্যটনসংশ্লিষ্টদের তথ্যমতে, ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত কক্সবাজারের প্রায় ৩০ শতাংশ হোটেল কক্ষ বুকিং হয়েছে এবং প্রায় ৪০ হাজার পর্যটকের সমাগম ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হোটেল মালিকরা আশা করছেন, ছুটির বাকি দিনগুলোতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতের বিভিন্ন পয়েন্টে লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে লাল পতাকা টাঙিয়ে সতর্কতামূলক নির্দেশনাও দেওয়া হয়েছে।

নীল জলরাশি, গর্জন তোলা ঢেউ আর ঈদের উৎসবমুখর পরিবেশে নতুন প্রাণ ফিরে পেয়েছে সমুদ্রনগরী কক্সবাজার। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ছুটির বাকি সময়জুড়েও পর্যটকদের পদচারণায় মুখর থাকবে এই জনপ্রিয় পর্যটনকেন্দ্র।

 

 
 


বিষয়:



Top