ঈদের সময় আবহাওয়া নিয়ে যে তথ্য দিল অধিদপ্তর

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০২:১৮ এএম

ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ঈদের সময় দেশে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা রয়েছে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি ঈদুল আজহার তারিখ ঘোষণা করার পর আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য উঠে আসে।

আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদের দেওয়া তথ্য অনুযায়ী, মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সময়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বিভাগভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে। সেখানে ৫২০ থেকে ৫৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৩৪০ থেকে ৩৬০, চট্টগ্রাম বিভাগে ৩৩০ থেকে ৩৫০, রংপুর বিভাগে ২৬০ থেকে ২৮০ এবং ঢাকা বিভাগে ২৫০ থেকে ২৭০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে বরিশাল বিভাগে ২২০ থেকে ২৫০, রাজশাহী বিভাগে ১৭০ থেকে ১৯০ এবং খুলনা বিভাগে ১৬০ থেকে ১৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মে মাসে দেশে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ও বজ্রঝড় হতে পারে। এর মধ্যে অন্তত ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

ঈদের সময়ের আবহাওয়া প্রসঙ্গে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, বর্তমানে কালবৈশাখীর মৌসুম চলায় ঝড়-বৃষ্টি হওয়াটা স্বাভাবিক। তবে মে মাসের শেষ দিকে দেশের কোথায় কতটুকু বৃষ্টিপাত হবে, তা এখনই নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।



বিষয়:



Top