হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৯ এএম
শীতের আমেজ এখনো অব্যাহত থাকলেও দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা সোমবার (২৬ জানুয়ারি) জানান, আগামী ৫ দিন আবহাওয়ার বড় কোনো পরিবর্তন হবে না, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (২৮ জানুয়ারি) রংপুর বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশাও পড়তে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, মঙ্গলবার রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বুধ ও বৃহস্পতিবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায়, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এনএফ৭১/ওতু
বিষয়:
