বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ‘মোন্থা’ ঘূর্ণিঝড়ে রূপ নিল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ০৯:১৩ এএম
দক্ষিণপূর্ব ও দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মোন্থা’-তে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব এলাকায় ১১ দশমিক ৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫ দশমিক ৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক জারি করা ৫ নম্বর বিশেষ আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৩টার অবস্থান অনুযায়ী ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৬০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১৩০০ কিলোমিটার, মোংলা থেকে ১২৮০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও তীব্র হতে পারে। ২৮ অক্টোবর সন্ধ্যা বা রাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে এটি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সংশ্লিষ্ট এলাকায় সাগর রয়েছে অত্যন্ত উত্তাল।
পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল এবং গভীর সাগরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়:
