উপজেলা হাসপাতালে শয্যা দ্বিগুণ, চালু হবে আইসিইউ সুবিধা

নিউজ ফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

দেশের ৪৯২টি উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে উপজেলা হাসপাতালগুলোতে বিশেষায়িত আইসিইউ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

বুধবার (৩ জুন) নিজ দপ্তরে সরকারের চলমান স্বাস্থ্যখাতের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার চাহিদা দ্রুত বাড়ছে। তবে অনেক হাসপাতালের অবকাঠামো ও শয্যাসংখ্যা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত হওয়ায় সারাদেশের উপজেলা হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে গণপূর্ত অধিদপ্তর প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। পরিকল্পনার আওতায় হাসপাতালের ভবন সম্প্রসারণ, নতুন ওয়ার্ড নির্মাণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং জনবল বৃদ্ধি করা হবে।

তিনি বলেন, উপজেলা হাসপাতালগুলোতে আইসিইউ সুবিধা চালু হলে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য জেলা বা রাজধানীমুখী হওয়ার প্রবণতা কমবে। ফলে রোগীরা নিজ নিজ এলাকায় উন্নত চিকিৎসাসেবা পাবেন এবং বড় হাসপাতালগুলোর ওপর চাপও কমবে।

এদিকে নারী ও শিশু স্বাস্থ্যসেবা জোরদারে চীন-বাংলাদেশের যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে নারীদের জন্য পাঁচটি এবং শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। এসব হাসপাতালে মাতৃস্বাস্থ্য, নবজাতক পরিচর্যা, শিশুদের জটিল রোগের চিকিৎসা এবং বিশেষজ্ঞ সেবা নিশ্চিত করা হবে।

এছাড়া দেশের পাঁচটি বিভাগীয় শহরে শিশুদের জন্য ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল আগামী ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামী ১৫ আগস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল-এর নতুন ভবনের উদ্বোধন করা হবে।

আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ঘটনায় কেউ ছাড় পাবে না। তবে অভিভাবকরা পোস্টমর্টেম করতে রাজি না হওয়ায় অভিযুক্ত পক্ষ আইনি সুবিধা পেতে পারে।”

এ সময় তিনি জানান, হাম ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করেছে।



বিষয়:



Top