নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড়

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০২:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের পশুর হাটে নানা আকর্ষণের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে নারায়ণগঞ্জের একটি ব্যতিক্রমী মহিষ। প্রায় ৭০০ কেজি ওজনের বিরল গোলাপি রঙের এই মহিষটির নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প।

অস্বাভাবিক গড়ন, কপালে ঝুলে থাকা সোনালি-লালচে চুল এবং ভিন্নধর্মী চেহারার কারণে মহিষটি এখন আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সাধারণত কালো রঙের মহিষ বেশি দেখা গেলেও এই এলবিনো জাতের মহিষটির গায়ের রং হালকা গোলাপি বা ক্রিম বর্ণের।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মহিষটির কপালে থাকা সোনালি চুল অনেকটাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচিত চুলের ধরনকে মনে করিয়ে দেয়। এ মিল থেকেই মজার ছলে মহিষটির এমন নাম রাখা হয়।

বর্তমানে মহিষটি খামারের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত মানুষ মহিষটিকে দেখতে এবং ছবি তুলতে সেখানে ভিড় করছেন।

শুধু রয়টার্স নয়, এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান পেয়েছে আলোচিত এই মহিষ। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে এটি নিয়ে আলাদা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া কৃষি খামারের মালিক জিয়াউদ্দিন জানান, তার ছোট ভাই প্রথমে মজা করে মহিষটির নাম রাখেন। পরে এটি এত জনপ্রিয় হয়ে উঠবে, তা তারা কল্পনাও করেননি।

বাংলাদেশে কোরবানির পশুর নাম আলোচিত ব্যক্তি কিংবা তারকাদের নামে রাখার প্রচলন নতুন নয়। তবে এবারের ঈদে সব আলোচনা ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক পরিচিতি পেয়েছে নারায়ণগঞ্জের এই গোলাপি মহিষ।

এনএফ৭১/একে



বিষয়:



Top