সাবেক মন্ত্রী রেজাউল করিম ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
Nasir Uddin | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৬ পিএম
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম ও তার স্ত্রী ফিরোজা পারভীনের বিরুদ্ধে পৃথক দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলাগুলো করা হয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শ ম রেজাউল করিম ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন ৮ কোটি ৮৬ লাখ ১১ হাজার টাকা নিজ ভোগদখলে রেখেছেন। এ ছাড়া তার নিজ নামে ১২ ব্যাংক হিসাবে ৬ কোটি ৮৪ লাখ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ রয়েছে। এ অভিযোগে প্রথম মামলা দায়ের করা হয়েছে।
দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, অসঙ্গতিপূর্ণ ৮ কোটি ৮৬ লাখ ১১ হাজার ৪২৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখা এবং ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩ কোটি ৪৫ লাখ ৬ হাজার ৮২৯ টাকা জমা ও ৩ কোটি ৩৯ লাখ ৭৬ হাজার ৫৫ টাকা উত্তোলনসহ মোট ৬ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৮৩৪ টাকার সন্দেহজনক লেনদেন করার অপরাধে শ. ম রেজাউল করিমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) (৩) ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা রুজু করা হয়।
তিনি আরও বলেন, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৫ লাখ ৫৫ হাজার ৩৯৭ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে শ. ম রেজাউল করিমের স্ত্রী ফিরোজা পারভীনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা রুজু করা হয়।
