পেশোয়ার জালমির হয়ে পিএসএল খেলবেন সাকিব
নিজস্ব প্রতিবেদক
|
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৪৪ এএম
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরে দল পেয়েছেন সাকিব। প্লেয়ার ড্রাফট থেকে সাপ্লিমেন্টারি হিসেবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। আজ রাতেই পেশোয়ারের সাথে যোগ দেয়ার কথা রয়েছে তার। পেশোয়ার জালমিও টু্ইটারে নিশ্চিত করেছে খবরটি।
বিপিএলে এবার দুর্দান্ত ফর্মে ছিলেন সাকিব। ব্যাটিংয়ে নিজের অন্যতম সেরা সময় কাটিয়েছেন তিনি। ১৭৪.৪১ স্ট্রাইক রেট ও ৪১.৬৬ গড়ে করেন ৩৭৫ রান, এখন পর্যন্ত যেটি টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ।
পিএসএলে সাকিব আল হাসান পরিচিত মুখ। এর আগেও একাধিক আসরে খেলেছেন তিনি। ২০১৭ সালে পেশোয়ার জালমি ও ২০১৬ করাচি কিংসের হয়ে অংশ নেয়া সাকিব আবার খেলবেন পেশোয়ারের হয়ে। এখন পর্যন্ত খেলেছেন ১৩টি ম্যাচ। ১০৭.১৪ স্ট্রাইক রেট ও ১৬.৩৬ গড়ে ১৮০ রান করার পাশাপাশি এ টুর্নামেন্টে নিয়েছেন ৮টি উইকেট।
