দেশের মাটিতে নেমেই অ্যান্ডারসনের রেকর্ড
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২২, ০৪:০১ এএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বেন স্টোকস একাদশ ঘোষণা করলেন, তাতেই রেকর্ড ভেঙে দিলেন ইংল্যান্ডের শীর্ষ টেস্ট বোলার জেমস অ্যান্ডারসন। দেশের মাটিতে এটি যে তার শততম টেস্ট ম্যাচ।
ম্যানচেস্টারে খেলতে নেমে এমন অর্জনের খাতায় নাম লেখালেন অ্যান্ডারসন, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম। দেশে একশ টেস্ট খেলা প্রথম খেলোয়াড় তিনি।
৭২ খেলোয়াড় তাদের ক্যারিয়ারে ১০০-এর বেশি টেস্ট ম্যাচ খেললেও তাদের কেউই ঘরের মাঠে ১০০ টেস্ট খেলেননি। ২০০ টেস্ট খেলা একমাত্র ক্রিকেটার শচীন টেন্ডুলকার ভারতে খেলেছেন ৯৪ ম্যাচ এবং তিনি এই তালিকায় অ্যান্ডারসনের ঠিক পেছনে।
ইংল্যান্ড সতীর্থ স্টুয়ার্ট ব্রড ৯১ ম্যাচ খেলে তালিকায় চতুর্থ স্থানে। অ্যান্ডারসনের সাবেক সতীর্থ অ্যালিস্টার কুক ঘরের মাঠে ৮৯ টেস্ট খেলে পাঁচ নম্বরে। ৯২ ম্যাচ দেশে খেলে তৃতীয় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটারের তালিকায় অ্যান্ডারসন (১৭৪) ঠিক শচীনের পরে। ঘরের মাঠে শততম টেস্টে দারুণ শুরু হয়েছে এই পেসারের। পঞ্চম ওভারে দক্ষিণ আফ্রিকান ওপেনার সারেল আরউইকে কট বিহাইন্ড করেন। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে কখনও ইনিংসে ৫ উইকেট নিতে পারেননি অ্যান্ডারসন, রেকর্ড গড়া ম্যাচে সেটা করে দেখালে নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে এই ভেন্যু।
এনএফ৭১/আরআর/২০২২
