ঢাকায় এসেছেন গেইল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২২, ০৩:২১ এএম
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। বিপিএলের দল ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন তিনি। করোনা নেগেটিভ এলেই সোমবার (২৪ জানুয়ারি) মিনিস্টার ঢাকার বিপক্ষে মাঠে নামতে চান তিনি।
রবিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন গেইল। ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
গেইল এসেই প্রথম ম্যাচের জয়ে দলকে শুভেচ্ছা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘ফরচুন বরিশাল, আমাকে দলে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি সবার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। প্রথম ম্যাচে জয়ে তোমাদের সবাইকে অভিনন্দন। আশা করি সামনেও ভালো হবে।’
এর আগে বরিশালের হয়ে খেলতে শুক্রবার (২১ জানুয়ারি) ঢাকায় আসার কথা ছিল গেইলের। পরে ফ্লাইট জটিলতায় তা ২৪ জানুয়ারি হওয়ার কথা থাকলেও একদিন আগেই ঢাকায় পা রাখলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় এই ক্রিকেটার।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: গেইল christ gayle Gayle
